অনলাইন ডেক্স,
রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
শুক্রবার (২১ আগস্ট) সকালে, সেকশন ব্রিজ সংলগ্ন আদি বুড়িগঙ্গা চ্যানেলের অংশে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আদি বুড়িগঙ্গা চ্যানেল থেকে ময়লার ভাগাড় অপসারণ করে তার পূর্বের রূপ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে তিনি এই নির্দেশনা দেন।
এরই ধারাবাহিকতায় চ্যানেলটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার, নাব্যতা ফিরিয়ে আনার এবং দুই পাশে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে, বিডি ক্লিনের সদস্যসহ উপস্থিত অংশীজনদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।