আসাদউদ্দিন ওয়াইসি শপথ শেষে ভারতের সংসদে দাঁড়িয়ে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান

Mofossal Barta
প্রকাশিত June 26, 2024, 13:01 PM
আসাদউদ্দিন ওয়াইসি শপথ শেষে ভারতের সংসদে দাঁড়িয়ে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান
সংবাদটি শেয়ার করুন....

সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি শপথ শেষে ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দিয়েছেন। এরপরই মঙ্গলবার বিজেপির এক নেতা দাবি করেছেন, হায়দরাবাদের এই সংসদ সদস্যকে ‘বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন’-এর জন্য লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা যেতে পারে।

নিজের রাজ্য তেলেঙ্গানা ও বি আর আম্বেদকরের প্রশংসা করা ছাড়াও হায়দরাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর ‘জয় ফিলিস্তিন’ স্লোগান তোলেন।

অবশ্য বিধানসভা থেকে বেরিয়ে এসে ওয়েইসি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলাঙ্গানা, জয় ফিলিস্তিন বলে তার মধ্যে কোনও ভুল নেই।

 

তিনি বলেন, অন্য সদস্যরাও নানা কথা বলছেন। এটা কীভাবে ভুল? সংবিধানের বিধান বলুন। অন্যরা কী বলল সেটিও শুনতে হবে। আমার যা বলার বললাম। ফিলিস্তিন নিয়ে মহাত্মা গান্ধী কী বলেছিলেন পড়ুন।

ফিলিস্তিনের প্রসঙ্গ কেন বললেন? জানতে চাইলে তিনি বলেন, তারা নিপীড়িত মানুষ।

এ বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ফিলিস্তিনের পক্ষে ধ্বনি দেওয়ায় কয়েকজন সংসদ সদস্যের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন।

তিনি বলেন, ফিলিস্তিন বা অন্য কোনও দেশের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। বিষয় একটাই, শপথ নেওয়ার সময় কোনও সদস্যের পক্ষে অন্য দেশের প্রশংসা করে স্লোগান তোলা কি সমীচীন? আমাদের নিয়মগুলো পরীক্ষা করে দেখতে হবে। কিছু সদস্য আমার কাছে এসে শপথ শেষে ফিলিস্তিনের স্লোগান তোলার অভিযোগ করেছেন।